গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর স্ত্রীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য পোস্ট করার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার পোনা মোল্লাপাড়া গ্রামের জগলুল হায়দার শাহিন (৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে মহানবী (সা.) ও তাঁর স্ত্রীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করার অভিযোগ ওঠে।

অভিযোগের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লিরা ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এদিকে, অভিযোগের বিষয়ে জানতে স্থানীয় কয়েকজন উলামায়ে কেরাম ও সাধারণ মুসল্লি অভিযুক্তের সঙ্গে কথা বলতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে পুলিশ অভিযুক্ত জগলুল হায়দার শাহিনকে আটক করে কাশিয়ানী থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

কাশিয়ানী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।