পূর্বাচলে রিসোর্টে ডাকাতির পর পালানোর সময় ৬ জন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল ও মাইক্রোবাস জব্দ
মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | দৈনিক বার্তালয়
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ২ নম্বর সেক্টরের ১০২ নম্বর সড়কের ১২ নম্বর প্লটে অবস্থিত অরণ্য আবাস রিসোর্টে ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে ডাকাতি শেষে পালানোর সময় তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রাজধানীর মিরপুর এলাকার শুক্কুর আলী (৪৮), আব্দুল আহাদ (৩৫), রুবেল হাসান (২৮), রাব্বি হোসেন (৩০), তানভীর আহমেদ (২৪) ও হোসেন আলী (৩৭)।
পুলিশ জানায়, ভোরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ১৪ থেকে ১৫ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্র নিয়ে রিসোর্টে হামলা চালায়। তারা পিকনিকে আসা অতিথিদের অস্ত্রের মুখে জিম্মি করে ১২টি মোবাইল ফোন ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা লুট করে।
ডাকাতির খবর পেয়ে রূপগঞ্জ থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে। অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে শুক্কুর আলী ও আব্দুল আহাদকে আটক করা হয়। পরে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে রুবেল হাসান ও রাব্বি হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে তানভীর আহমেদ ও হোসেন আলীকেও গ্রেপ্তার করে পুলিশ।
অভিযানের সময় ডাকাতদের ব্যবহৃত একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৪-৬৯৪০) জব্দ করা হয়। এছাড়া লুণ্ঠিত ছয়টি মোবাইল ফোন এবং ডাকাতদের ব্যবহৃত দুটি ছুরি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় অরণ্য আবাস রিসোর্টের মালিক আবির রায়হান বাদী হয়ে রূপগঞ্জ থানায় ডাকাতির মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, ডাকাতির ঘটনায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।