পটুয়াখালীর বাউফলে পৃথক অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৮ হাজার ১০০ টাকা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় এক নারীসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—বাউফল উপজেলার মোঃ সুমন মৃধা (৩০) এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মোসাঃ তানিয়া বেগম (৩৩)। তানিয়া বেগম বর্তমানে বাউফল এলাকায় বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, শনিবার সকালে বাউফল থানা পুলিশের একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযানে বের হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে মদনপুরা ইউনিয়নের দক্ষিণ চন্দ্রপাড়া (আদর্শপাড়া) ৭ নম্বর ওয়ার্ডের বাউফল-কালিশুরী সড়কে অভিযান চালানো হয়।
সকাল ১১টা ১০ মিনিটের দিকে চন্দ্রপাড়া এলাকায় একটি মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে মোঃ সুমন মৃধাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সুমন মৃধা ইয়াবাগুলো তানিয়া বেগমের কাছ থেকে কেনার কথা জানান এবং তানিয়া তার বসতঘরে অবস্থান করছেন বলে তথ্য দেন। পরে তাকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে মদনপুরা ইউনিয়নের দক্ষিণ চন্দ্রপাড়া এলাকার ‘মা-বাবা মঞ্জিল’-এর দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়।
দুপুর ১২টা ১০ মিনিটের দিকে সেখান থেকে মোসাঃ তানিয়া বেগমকে আটক করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোট ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৮ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা।
আটক দুজনের বিরুদ্ধে বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মোঃ সুমন মৃধার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
পটুয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ব্যবসার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা সহযোগী জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।