রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | দৈনিক বার্তালয়

দীর্ঘ ১৮ বছর পর উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে কলেজ মিলনায়তনে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কলেজের মোট ৩৩ জন ভোটারের মধ্যে ২৭ জন শিক্ষক-শিক্ষিকা ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সম্পাদক, যুগ্ম-সম্পাদক ও অর্থ-সম্পাদক—এই তিনটি প্রধান পদেই বিজয়ী প্রার্থীরা ২৭টি করে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ফলাফল অনুযায়ী, সম্পাদক পদে সুমা আক্তার ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. তোফাজ্জল হোসেন তুষার কোনো ভোট পাননি।

যুগ্ম-সম্পাদক পদে মো. মিয়াজউদ্দিন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. মনিরুজ্জামান কোনো ভোট পাননি।

এছাড়া অর্থ-সম্পাদক পদে মো. জহিরুল ইসলাম ২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী নাহিদুল ইসলাম কোনো ভোট পাননি।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, তিনটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন—মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা, ক্রীড়া সম্পাদক তুষার উদ্দিন এবং সদস্য শামসুল হক।

নির্বাচিত সাধারণ সম্পাদক সুমা আক্তার বলেন, ১৮ বছর ধরে কলেজের শিক্ষকদের প্রত্যাশা ছিল গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের প্রতিনিধি নির্বাচন করা। দীর্ঘদিনের সেই প্রত্যাশা পূরণ হয়েছে। আগামী দিনে প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ও শিক্ষার মান উন্নয়ন, শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি এবং ক্লাসের মান বৃদ্ধিতে কাজ করার কথা জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার মো. ফায়েজ মোল্লা বলেন, অত্যন্ত অবাধ, সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশে মুড়াপাড়া সরকারি কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।

তিনি জানান, মোট ভোটারের মধ্যে ২৭ জন স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছেন। নির্বাচনে সম্পাদক পদে সুমা আক্তার, যুগ্ম-সম্পাদক পদে মিয়াজউদ্দিন এবং অর্থ-সম্পাদক পদে জহিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। পাশাপাশি মহিলা বিষয়ক সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও সদস্য পদে তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

দীর্ঘ ১৮ বছর পর শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় কলেজের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়েছে।