রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | দৈনিক বার্তালয়

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও যাচাইকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলা মিলনায়তনে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আকতার হোসেন

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস এনালিস্ট ধরণী চাকমা, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, নাসির উদ্দিন ও আব্দুর রাজ্জাক শিকদার, গোলাকান্দাইল ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভূঁইয়াসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রূপগঞ্জ উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ শফিউল আলম

কর্মশালায় বক্তারা বলেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক)-আরসিআইপি প্রকল্পের আওতায় এলজিইডি এ কার্যক্রম বাস্তবায়ন করবে।

বক্তারা জানান, কোর রোড নেটওয়ার্ক হলো সড়ক নেটওয়ার্কের একটি অগ্রাধিকারপ্রাপ্ত অংশ, যা গ্রামীণ জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগব্যবস্থা হিসেবে কাজ করে। সেবার মান বজায় রেখে এসব সড়ক অগ্রাধিকার ভিত্তিতে রক্ষণাবেক্ষণের পরিকল্পনা রয়েছে।

এ ধরনের পরিকল্পনার মাধ্যমে টেকসই উন্নয়নকে উৎসাহিত করার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত, প্রয়োজনীয় সেবায় মানুষের প্রবেশাধিকার বৃদ্ধি, চলাচলের সক্ষমতা উন্নয়ন, পরিবহন ব্যয় হ্রাস এবং গ্রামীণ এলাকাকে বৃহত্তর পরিবহন নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্য রয়েছে।

কর্মশালায় স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, প্রকৌশলী ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।