ভূরুঙ্গামারীতে ৫৫টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১
মোহাম্মদ কফিলুর রহমান
ভূরুঙ্গামারী প্রতিনিধি | দৈনিক বার্তালয়
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ৫৫টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. এনামুল হক অন্তর (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার শিলখুড়ি ইউনিয়নের আসাদমোড় এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
আটক এনামুল হক অন্তর শিলখুড়ি ইউনিয়নের বিএসসি পাড়া এলাকার মো. ময়েন আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এনামুল হক অন্তরের বসতবাড়ির হাঁস-মুরগির খোঁয়াড় থেকে লুকানো অবস্থায় ৫৫টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে আইফোন, মটোরোলা, অপ্পো, রেডমি, রিয়েলমি ও ভিভোসহ বিভিন্ন ব্র্যান্ডের ব্যবহৃত ফোন রয়েছে।
পুলিশের দাবি, শিলখুড়ি ইউনিয়নের আসাদমোড় এলাকায় দীর্ঘদিন ধরে ভারতীয় চোরাই মোবাইল বিক্রির অভিযোগ ছিল। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে এসব মোবাইল কিনে নিয়ে যেতেন বলেও পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, সীমান্তবর্তী ভারতের বিভিন্ন এলাকায় চুরি বা ছিনতাই হওয়া মোবাইল একটি চোরাচালান চক্রের মাধ্যমে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছিল। এসব অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন আইএমইআইযুক্ত মোবাইল দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে।
অভিযানে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভূরুঙ্গামারী থানার এসআই সাইফুল ইসলাম, আল-আমিন ও আসাদুজ্জামানসহ পুলিশের একটি আভিযানিক দল অংশ নেয়।
পাশাপাশি কুড়িগ্রাম-২২ বিজিবির অধীন ধলডাঙ্গা ক্যাম্প কমান্ডার সুবাদার মো. মতিউর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযানে অংশ নেয়।
ঘটনাটি নিয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।