পোরশা মাধ্যমিক শিক্ষা অফিসের ওয়েবসাইটে এখনও হাসিনা-মুজিবের ছবি, হালনাগাদ নিয়ে প্রশ্ন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি | দৈনিক বার্তালয়
নওগাঁর পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সরকারি ওয়েবসাইটে এখনও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রদর্শিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময় অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির ছবিও ওয়েবসাইটে সংরক্ষিত রয়েছে।
অভিযোগ রয়েছে, পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে একাডেমিক সুপারভাইজার হিসেবে কনক চন্দ্র রায় ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর যোগদানের পর থেকে দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন। এ সময়ের মধ্যে ওয়েবসাইটের তথ্য নিয়মিত হালনাগাদ না করার বিষয়েও প্রশ্ন উঠেছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে একাডেমিক সুপারভাইজার কনক চন্দ্র রায় বলেন, “মাধ্যমিক শিক্ষা অফিসার আমাকে বললে ব্যবস্থা করবো।” শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, “শিক্ষা অফিসার ব্যবস্থা নিলে নিক, না নিলে না নিবে।”
পোরশা উপজেলা আইসিটি কর্মকর্তা জাকারিয়া বলেন, “মৌখিকভাবে একাধিকবার বলা হয়েছে। অনেকে গুরুত্ব দেয় না।”
তবে পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুল কবীর বলেন, “পুরাতন ছবি উঠিয়ে ফেলার জন্য কোনো নির্দেশনা আমরা পাইনি।”
এদিকে সরকারি দপ্তরের ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করা সংশ্লিষ্ট দপ্তরের প্রশাসনিক দায়িত্বের অংশ কি না—এ নিয়েও প্রশ্ন উঠেছে। সচেতন মহলের দাবি, সরকারি ওয়েবসাইট ও জাতীয় তথ্য বাতায়নে পুরোনো ছবি ও তথ্যের পাশাপাশি বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়, পদবি, দাপ্তরিক তথ্য ও চলমান কার্যক্রম যথাযথভাবে উপস্থাপন করা প্রয়োজন।
তাদের মতে, পোরশা উপজেলার সরকারি দপ্তরগুলোর ওয়েবসাইট দ্রুত পর্যালোচনা করে পুরোনো ও অপ্রাসঙ্গিক তথ্য হালনাগাদ করা হলে সরকারি তথ্যসেবার মান আরও উন্নত হবে।