পোরশা (নওগাঁ) প্রতিনিধি | দৈনিক বার্তালয়
নওগাঁর পোরশায় মাদ্রাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে মো. রাইহান কবির (২৭) নামে এক কওমি মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) তার মৃত্যুতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত রাইহান কবির চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দামদিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দয়াহার সেখপাড়া (বারিন্দা) এলাকার ফয়জিয়া দারুল উলুম কওমি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাইহান কবির কয়েকজনের সঙ্গে মাদ্রাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে পুকুরের মাঝামাঝি অংশে গেলে তিনি পানিতে তলিয়ে যান।
বিষয়টি বুঝতে পেরে মাদ্রাসার শিক্ষার্থীরা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা পানির নিচ থেকে রাইহান কবিরকে উদ্ধার করেন।
পরে দ্রুত তাকে সরাইগাছির একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে পোরশা (নিতপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পোরশা (নিতপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিমা সুলতানা পরীক্ষা-নিরীক্ষার পর রাইহান কবিরকে মৃত ঘোষণা করেন।
তরুণ এই শিক্ষকের আকস্মিক মৃত্যুতে ফয়জিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। সহকর্মী ও শিক্ষার্থীরা জানান, রাইহান কবির ছিলেন একজন তরুণ ও নিবেদিতপ্রাণ শিক্ষক।
মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে মাদ্রাসা ও আশপাশের এলাকায় শোকাহত মানুষজন জড়ো হন। পরিবার ও স্বজনদের মধ্যেও নেমে আসে শোকের ছায়া।
এ ঘটনায় এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।