আজকের তারিখঃ ০২ সেপ্টেম্বর, ২০২৬
লগইন
9+
অনলাইন সংস্করণ 3 মিনিটে পড়ুন ARTICLE

দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি নিয়ে জামায়াতে ইসলামীর প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

দৈনিক বার্তালয় 03 Aug, 2026 • 10:29 PM
ছবি: রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য নিয়ে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি নিয়ে জামায়াতে ইসলামীর প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | দৈনিক বার্তালয়

দেশের চলমান বিদ্যুৎ, গ্যাস সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বিদ্যুতের বিল সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সোমবার (৩ আগস্ট) রাতে রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার

এ সময় উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার

ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, নতুন সরকারের পাঁচ মাসের মধ্যে জনদুর্ভোগ বৃদ্ধি পেয়েছে এবং গ্যাস সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি ও লোডশেডিং পরিস্থিতি আরও জটিল হয়েছে। তিনি বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধি পেলেও উৎপাদন বাড়ানোর জন্য নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান বা উত্তোলনে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। এলপিজির মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের ব্যয়ও বাড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, গ্যাস সংকটের কারণে পোশাক শিল্প, সার কারখানা, ইস্পাত শিল্পসহ বিভিন্ন উৎপাদনমুখী খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি সিএনজি স্টেশনগুলোতেও গ্যাস সংকটের কারণে ভোগান্তি সৃষ্টি হয়েছে এবং সামনে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিদ্যুৎ খাত প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং ‘ভুতুড়ে বিল’ আদায়ের অভিযোগ নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। প্রকৃত ব্যবহার না হলেও অনেক গ্রাহকের বিল বৃদ্ধি পাচ্ছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে কার্যকর তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তিনি।

এছাড়া তিনি চাল, ডাল, চিনি, কাঁচা মরিচ ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির সমালোচনা করেন এবং নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর এর প্রভাবের কথা তুলে ধরেন।

রাজনৈতিক প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার বর্তমানে সংবিধান সংশোধনের বিষয় নিয়ে বেশি ব্যস্ত। তিনি দাবি করেন, গণভোট ও জুলাই সনদের ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক দলের উত্থাপিত দাবির বিষয়ে সরকারের কিছু মন্ত্রী বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন এবং বিরোধী দলগুলোর বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন।

তিনি সরকারের প্রতি গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, গ্যাসক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি এবং জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জনগণকে তাদের ভোগান্তির বিষয়ে সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানান।

ট্যাগ
দৈনিক বার্তালয় বাংলাদেশ জামায়াতে ইসলামী মিয়া গোলাম পরওয়ার গ্যাস সংকট বিদ্যুৎ বিল দ্রব্যমূল্য বৃদ্ধি প্রেস ব্রিফিং লোডশেডিং এলপিজি বাংলাদেশ রাজনীতি
মন্তব্য করুন
দৈনিক বার্তালয়
অনলাইন সংস্করণ • 03 Aug, 2026 • 10:29 PM
বিজ্ঞাপন (Compact)