২৮ জুলাই ২০২৬
আলীকদমে কৃষকদের মাঝে চারা বিতরণ
মো. হেলাল উদ্দিন, আলীকদম (বান্দরবান): বান্দরবানের আলীকদম উপজেলায় কৃষকদের আত্মসামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করতে ৭০ জন কৃষকের মাঝে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা এবং সার বিতরণ করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
মঙ্গলবার (২৮ জুলাই) আলীকদম জেলা পরিষদ রেস্ট হাউস প্রাঙ্গণে এ চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
১৭২টি চারা ও সার বিতরণ
কর্মসূচির আওতায় ৭০ জন কৃষকের মাঝে মোট ১৭২টি চারা বিতরণ করা হয়। এর মধ্যে ১২২টি ফলদ এবং ৫০টি বনজ গাছের চারা ছিল। এছাড়া চারাগুলোর সঠিক পরিচর্যার জন্য কৃষকদের মধ্যে ২৪ কেজি জৈব সার ও ১৭ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়।
অতিথিদের উপস্থিতি
চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাঘাটা হর্টিকালচার সেন্টার, বান্দরবানের উপপরিচালক লিটন দেবনাথ, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী লেলিন চাকমা এবং আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা ও সদর ইউনিয়ন প্রশাসক কৃষিবিদ মো. সোহেল রানা।
বৃক্ষরোপণের গুরুত্ব
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আলোকে ফলদ ও বনজ গাছ রোপণের মাধ্যমে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব, অন্যদিকে কৃষকদের অতিরিক্ত আয় এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতেও এসব গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বিতরণকৃত চারাগুলোর যথাযথ পরিচর্যার মাধ্যমে সফলভাবে লালন-পালনের জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।
কৃষকদের সন্তোষ
কর্মসূচিতে অংশ নেওয়া কৃষকরা এ ধরনের সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও কৃষিবান্ধব এমন উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান তারা।
দৈনিক বার্তালয় সবসময় সঠিক, নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ।